রিপোর্টার : Deshkal নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে এক কিশোরীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন মামি সোনিয়া আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় কিশোরীর মামা জাকির হোসেন ও মামি সোনিয়া আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালাপাড়া গ্রামের বাসিন্দা জাকির হোসেনের পরিবারের সঙ্গে তাঁর বোন রওশন আরার পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে দুই পরিবারের মধ্যে বিরোধ ও উত্তেজনা তৈরি হয়।
অভিযোগ অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে থাকাকালে ঘুমন্ত কিশোরী আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেন সোনিয়া আক্তার। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে প্রায় এক মাস চিকিৎসা নেওয়ার পর তাকে বাড়িতে আনা হয়।
কিশোরীর মা রওশন আরা জানান, জমি নিয়ে বিরোধের বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। মেয়ের ওপর নির্যাতনের ঘটনায় বিচার না পাওয়ায় তিনি সোনারগাঁ থানায় মামলা করেন।
পুলিশ জানায়, মামলার পর অভিযান চালিয়ে জাকির হোসেন ও সোনিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আবদুল বারিক বলেন, কিশোরীকে গরম পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা হয়েছিল। তবে সমাধান না হওয়ায় ভুক্তভোগীর মা মামলা করেছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরেই কিশোরীর ওপর এ নির্যাতন চালানো হয়েছে।