প্রকাশিত : রবিবার , ৪ অক্টোবর ২০২৬ , রাত ১১:১৯।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ৫ অক্টোবর ২০২৬ , রাত ০৩:৩৪
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

ওমানের শ্রমবাজারে খুলছে মৎস্য পেশাজীবীদের নতুন দ্বার


রিপোর্টার : Deshkal

ওমানের মৎস্য খাতে বাংলাদেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষিত ও বিশেষায়িত দক্ষ জনবল নিয়োগের বড় সম্ভাবনা তৈরি হয়েছে। আজ (রোববার) মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে ওমানের শ্রম মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ থেকে প্রশিক্ষিত জেলে ও ডেকহ্যান্ড, নৌযানের স্কিপার, মৎস্য প্রকৌশলী এবং অ্যাকুয়াকালচারে ডিপ্লোমাধারীদের জন্য ওমানের শ্রমবাজারে কাজের সুযোগ সৃষ্টির আহ্বান জানানো হয়। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক ওমানি প্রতিনিধিদলকে আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক মান বজায় রেখে দক্ষ জনশক্তি তৈরি করছে, যা দেশটির মৎস্য খাতের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সফররত প্রতিনিধিদল বাংলাদেশের প্রশিক্ষণ কারিকুলাম, লজিস্টিক অবকাঠামো ও মাঠপর্যায়ের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করে এবং দক্ষ জনশক্তি নিয়োগে ইতিবাচক সাড়া দেয়।

সভায় মৎস্য অধিদপ্তরের আওতাধীন ডিপ্লোমা ইনস্টিটিউট এবং চট্টগ্রামের বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমির কারিগরি কোর্স ও সনদ ব্যবস্থার ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পাশাপাশি ক্যাডেট ও প্রশিক্ষণার্থীদের প্রায়োগিক দক্ষতা মূল্যায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সরেজমিনে পরিদর্শনের জন্য ওমানি প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানো হয়।

এর ফলে ওমানে সনাতন শ্রমিকের বাইরে বাংলাদেশের কারিগরি ডিগ্রিধারী ও বিশেষায়িত মৎস্য পেশাজীবীদের কর্মসংস্থানের একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।