রিপোর্টার : Deshkal :সিলেট নগরীতে প্রায় চার দশক ধরে দখলে থাকা ইসকন কর্তৃক পরিচালিত শ্রী শ্রী রাধা–মাধব মন্দিরের প্রায় ৬ শতাংশ জমি অবশেষে উদ্ধার করেছে জেলা প্রশাসন। আদালতের নির্দেশে গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ওসমানী মেডিকেল রোড এলাকার দ্বিতীয় গেটের বিপরীত পাশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা এস্কেভেটরের মাধ্যমে ভেঙে ফেলা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। পুরো অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. পারভেজ গণমাধ্যমকে জানান, সরকারি রেকর্ড ও প্রামাণ্য দলিল যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া গেছে যে জমিটি শ্রী শ্রী রাধা–মাধব মন্দিরের নিজস্ব সম্পত্তি। আদালতের নির্দেশনা অনুযায়ী দখলদারদের উচ্ছেদ করে জমিটি প্রকৃত মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিটি দখলে থাকায় মন্দির কর্তৃপক্ষ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি প্রশাসনের নজরে আনে। লোয়ার কোর্ট, জেলা জজ কোর্ট ও হাইকোর্টে মন্দিরের পক্ষে রায় হয়। সব ধরনের আইনি যাচাই শেষে উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের আগে সেখানে থাকা ব্যবসায়ীরা নিজ উদ্যোগে তাদের মালামাল সরিয়ে নেন। পরে প্রশাসন অবৈধ স্থাপনার বিভিন্ন অংশ ভেঙে দেয়।
ইসকন কর্তৃক পরিচালিত শ্রী শ্রী রাধা–মাধব মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ জানান, সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ উদ্ধার অভিযান চলে। উদ্ধারকৃত জমি চারদিকে বেড়া দিয়ে ঘেরাও করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সেখানে সীমানা প্রাচীর নির্মাণ করা হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া প্রায় ৬ শতাংশ জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা। এ বিষয়ে সহযোগিতার জন্য তিনি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
এ সময় হবিগঞ্জের শ্রী শ্রী নৃসিংহ জিউর মন্দিরের অধ্যক্ষ শ্রী উদয় গৌর ব্রহ্মচারীসহ সিলেট মন্দিরের অসংখ্য ভক্ত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ভক্তরা বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দীর্ঘদিন ধৈর্যের সঙ্গে অপেক্ষা করেছি। রাধা মাধব, জগগনাথ বলদেব সুভদ্রার, নৃসিংহ দেব এবং প্রভুপাদের অশেষ কৃপায় আজ ন্যায়ের বিজয় হয়েছে। আমরা সবাই আনন্দিত।”
উচ্ছেদ অভিযানের সময় স্থানীয় বাসিন্দা ও ভক্তদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিকে জমি উদ্ধারের খবরে সিলেটসহ বিভিন্ন এলাকার সনাতনী সম্প্রদায়ের মানুষ বিজয়োল্লাস প্রকাশ করেছেন এবং কার্যকর ভূমিকার জন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন