প্রকাশিত : শনিবার , ২৫ এপ্রিল ২০২৬ , রাত ১০:২১।। প্রিন্ট এর তারিখঃ রবিবার , ২৬ এপ্রিল ২০২৬ , রাত ০৯:৩০
রিপোর্টার : ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ভাঙ্গায় উপজেলা শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার


রিপোর্টার : Deshkal
ফরিদপুরের ভাঙ্গায় শেখ রাজু ইসলাম (৩৮) নামের এক উপজেলা শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।  শনিবার(২৫ এপ্রিল ) বিকেল ৩ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা পৌর সভার কোর্টপাড় এলাকায় মাতৃকুঞ্জ নামের একটি বহুতল ভবনের চারতলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে যায়। এঘটনায় শিক্ষা পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

নিহত শিক্ষা কর্মকর্তা শেখ রাজু ইসলাম সাতক্ষিরার কালীগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের শেখ নুর ইসলামের ছেলে ও গোপালগঞ্জ সদরের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার সহধর্মিণী হ্যাপি আক্তার ভাঙ্গা পৌরসভার আতাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

নিহত রাজু ইসলামের স্ত্রী সহকারী শিক্ষিকা হ্যাপি আক্তার জানান, আজ সকালে আমি স্কুলে যাওয়ার সময় আমার স্বামী জানায় তার শরীর ভালো লাগছে না। সে বলে আমি যদি মারা যাই আমাকে ভাঙ্গা কবর স্থানে দাফন কইরো। নিহতের মা রাশিদা বেগম জানান, আজ দুপুরে আমার ছেলে ফোন করে বলে মা আমার আশা ভরসা তোমরা ছেড়ে দিও। আমার শারীরিক ও মানসিক অবস্থা ভালো না।

এবিষয়ে ভবনের বাসিন্দা এ্যাডভোকেট ইকরাম আলী শিকদার বলেন, তাদের দাম্পত্য জীবনে অনেক ঝামেলা ছিল। কিছুদিন আগে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ মিলে তাদের মিল করে দেওয়া হয়।

নিহতের ভাই শেখ রাজ্জাক জানান, আমরা এক মায়ের পেটে জমজ আপন দুই ভাই। সকালে মা আমাকে ফোন করে বলে তুই দ্রুত ভাঙ্গায় গিয়ে তোর ভাইর খবর নে‌। তোর ভাই মনে হয় বিপদে আছে। আমি মার ফোন পেয়ে দ্রুত ভাঙ্গার বাসায় এসে দেখি আমার ভাইয়ের লাশের পাশেই ভাবী বসে আছে ও আমার দুই ভাতিজা পাশের রুমে বসে আছে।

থানার উপপরিদর্শক হাবিব জানান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত লাশের খবর পেয়ে আমরা মাতৃকুঞ্জ বহুতল ভবনের চারতলা থেকে তার লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরিবারের সদস্য ও প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ রাজু ইসলামের মৃত্যুর সংবাদ পেয়ে ভাঙ্গা উপজেলা শিক্ষা অফিস ও গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিসের সহকর্মীরা ও শিক্ষকগন মাতৃকুঞ্জ ভবনে ভীড় জমায়। উপস্থিত ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালী আবেগ আপ্লুত কন্ঠে বলেন, রাজু গোপালগঞ্জ চাকরি করলেও সে দীর্ঘদিন ভাঙ্গাতে বসবাস করছে। সে ছোট-বড় সকলের সাথে আন্তরিকতা সাথে চলাফেরা করেছে। তার এরকম মৃত্যুতে আমরা সবাই হতবাক।