রিপোর্টার : Deshkal বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের প্রকৌশল বিভাগ-২-এর আওতাধীন সিলেট প্রকৌশল উপবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন, রেলপথের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন) আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের বিভাগীয় প্রকৌশলী-২ (ডিইএন-২) মো. আহসান হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের সহকারী বিভাগীয় প্রকৌশলী (এডিইএন) শোয়েব আহমেদ।
প্রশিক্ষণে রেললাইন পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ, ট্র্যাকের ত্রুটি শনাক্তকরণ, নিরাপদ ট্রেন পরিচালনা, দুর্ঘটনা প্রতিরোধ, জরুরি পরিস্থিতি মোকাবিলা, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্যাং মেইটদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি রেলপথের ঝুঁকি ব্যবস্থাপনা, দ্রুত ত্রুটি নিরসন এবং নিরাপদ রেল চলাচল নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. আহসান হাবিব বলেন, রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে মাঠপর্যায়ের কর্মীরা। তাঁদের দক্ষতা, সতর্কতা ও দায়িত্বশীলতার ওপরই নিরাপদ ট্রেন চলাচল অনেকাংশে নির্ভরশীল। তিনি গ্যাং মেইট ও ট্র্যাক রক্ষণাবেক্ষণ কর্মীদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে শোয়েব আহমেদ বলেন, আধুনিক রেলব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা সময়ের দাবি। এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ে কাজের মান উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী নির্বাহী প্রকৌশলী (এএইচইএন), সিলেট মো. সোহাগ। এছাড়া সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (ওয়ে) সাইফুল্লাহ রিয়াদসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
প্রশিক্ষণের অংশ হিসেবে গ্যাং মেইটদের মধ্যে ফার্স্ট এইড সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এসএসই/ওয়ে (সিলেট, কুলাউড়া ও শ্রীমঙ্গল সেকশন)-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ রিয়াদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বলেন, নিরাপদ, আধুনিক ও যাত্রীবান্ধব রেলসেবা নিশ্চিত করতে এ ধরনের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত আয়োজন করা প্রয়োজন। সংশ্লিষ্টরা মনে করছেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এই উদ্যোগ বাংলাদেশ রেলওয়ের সেবার মান আরও উন্নত করতে সহায়ক হবে।