প্রকাশিত : শনিবার , ১৫ আগস্ট ২০২৬ , রাত ০৮:৫২।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৫ আগস্ট ২০২৬ , রাত ১১:৪৪
রিপোর্টার : শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে দুই ভাইয়ের ওপর হামলা ও ছিনতাই, থানায় অভিযোগ


রিপোর্টার : Deshkal

গাজীপুরের শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে দুই ভাইয়ের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো: বাদল মণ্ডল (৪০) বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।শনিবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে ভাংনাহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

​থানায় অভিযোগ সূত্রে জানা যায়, ভাংনাহাটি এলাকার মো: হাফিজ উদ্দিন মণ্ডলের ছেলে মো: বাদল মণ্ডল ও তাঁর ছোট ভাই মোশারফ মণ্ডল (৩৫) মোটর সাইকেলযোগে শ্রীপুর আসার পথে সামসুদ্দিন সরকারের বাড়ির সামনে পৌঁছালে তাদের ওপর হামলা চালায়। পূর্ব থেকে ওতপেতে থাকা স্থানীয় সামসুদ্দিন সরকার (৫২), মিজান মণ্ডল (৪৭) এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জন ব্যাক্তি তাদের উপর হামলা চালায়। ​পরবর্তীতে বাদল মণ্ডলের ছোট ভাই মোশারফ মণ্ডল তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়।

​পরে স্থানীয়দের সহযোগিতায় আহত দুই ভাইকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জরুরি বিভাগে চিকিৎসা প্রদান করা হয়। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সামসুদ্দিন সরকার জানান, বাদল মন্ডল দুদিন আগে জেল থেকে বের হয়ে এসেছে। দুপুরে সে পেছন থেকে হঠাৎ করে হামলা চালায়। আমাকে পিটিয়ে গুরুতর আহত করে। আমি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

​শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।