প্রকাশিত : শুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬ , রাত ০৮:৫৮।। প্রিন্ট এর তারিখঃ রবিবার , ১ নভেম্বর ২০২৬ , বিকাল ০৪:৩২
রিপোর্টার : অনলfইন ডেস্ক:

উদীচীর প্রতিষ্ঠা বার্ষিকীতে সাতক্ষীরায় ছয় গুণিজন সংবর্ধিত


রিপোর্টার : Deshkal

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা, গুণিজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় শহরের শহীদ নাজমুল সরণির ম্যানগ্রোভ সভাঘরে উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ মোসফিকুর রহমান মিল্টন ও কবি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন সভাপতি শেখ সিদ্দিকুর রহমান এবং শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে।

আলোচনা সভায় বক্তারা উদীচীর সংগ্রামী ইতিহাস, অসাম্প্রদায়িক চেতনা, মুক্তবুদ্ধির চর্চা এবং সাংস্কৃতিক আন্দোলনের ভূমিকা তুলে ধরেন। তাঁরা বলেন, ১৯৬৮ সালে প্রতিষ্ঠার পর থেকে উদীচী গান, নাটক, কবিতা ও আবৃত্তির মাধ্যমে অন্যায়-অবিচার, সাম্প্রদায়িকতা, কুসংস্কার ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে মানুষকে সচেতন করে আসছে। মানবিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সাংস্কৃতিক আন্দোলন জোরদার এবং নতুন প্রজন্মকে এর সঙ্গে সম্পৃক্ত করার ওপরও তাঁরা গুরুত্ব দেন।

আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ড. আক্তারুজ্জামান, উদীচীর সাবেক সভাপতি ও আবৃত্তিশিল্পী মনিরুজ্জামান ছট্টু, সহসভাপতি কমরেড আবুল হোসেন, উন্নয়নকর্মী মাধব দত্ত, সাহিত্য সংস্কৃতি সংস্থার খুলনা বিভাগীয় সভাপতি এস এম আয়ুব আলী এবং কবি কিশোরী মোহন দাশসহ অন্যরা।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ছয় গুণীজনকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মোসলেম, সাবেক সিভিল সার্জন ডা. এবাদুল্লাহ এবং সংগীতশিল্পী আবু আফ্ফান রোজবাবু ও চৈতালি মুখার্জি। আয়োজকেরা তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

আয়োজকেরা জানান, মুক্তিযুদ্ধে অবদান, অসহায় মানুষের চিকিৎসাসেবা এবং সংগীতচর্চার মাধ্যমে সংবর্ধিত ব্যক্তিরা সাতক্ষীরার সমাজ ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন মনিরুজ্জামান ছট্টু। সংগীত পরিবেশন করেন আবু আফ্ফান রোজবাবু, চৈতালি মুখার্জি ও অদ্বিতীয়া মুখার্জি। এ ছাড়া কবি শুভ্র আহমেদ, জাসদ জেলা শাখার সভাপতি অধ্যাপক ইদ্রিস আলী, বাসদের জেলা সমন্বয়ক নিত্যানন্দ সরকার, কবি আবু কাজী, নাট্যশিল্পী শেখ আব্দুল ওয়াহেদসহ স্থানীয় কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও উদীচীর সদস্যরা উপস্থিত ছিলেন।##