রিপোর্টার : Md Al-amin Chawdhury শীতের আগমনের সঙ্গে সঙ্গে গ্রামবাংলায় শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি। শীতের সকালে খেজুরের তাজা রস পান এবং এ রস দিয়ে তৈরি গুড়-পাটালির স্বাদ নিতে পছন্দ করেন নানা বয়সী মানুষ। তবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই পানীয় সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের ক্ষেত্রে প্রয়োজন বাড়তি সতর্কতা। অসচেতনভাবে রস সংগ্রহ ও পান করলে নিপাহ ভাইরাসসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন মানুষ।
বিশেষজ্ঞদের মতে, খেজুরের কাঁচা রস বাদুড়ের লালা, প্রস্রাব বা অন্যান্য নিঃসরণের মাধ্যমে নিপাহ ভাইরাসে দূষিত হতে পারে। তাই কাঁচা খেজুরের রস পান করা থেকে বিরত থাকা এবং ভালোভাবে ফুটিয়ে পান করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এ বিষয়ে চিকিৎসক ডা. জান্নাতুন মাওয়া বলেন, কাঁচা খেজুরের রস পান করলে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। বাদুড়ের মাধ্যমে রস দূষিত হতে পারে। এ ঝুঁকি এড়াতে রস ভালোভাবে ফুটিয়ে পান করা উচিত। পাশাপাশি রস সংগ্রহের হাঁড়ি ঢেকে রাখা এবং বাদুড়সহ অন্যান্য প্রাণীর সংস্পর্শ থেকে রস সুরক্ষিত রাখা জরুরি।
তিনি আরও বলেন, রস সংগ্রহের আগে গাছের নির্দিষ্ট অংশ পরিষ্কার রাখা, ব্যবহৃত হাঁড়ি ও পাত্র ভালোভাবে ধুয়ে জীবাণুমুক্ত করা এবং সংগৃহীত রস পরিষ্কার ও ঢাকনাযুক্ত পাত্রে রাখা প্রয়োজন। দীর্ঘ সময় স্বাভাবিক তাপমাত্রায় রস ফেলে না রেখে দ্রুত উপযুক্ত ঠান্ডা পরিবেশে সংরক্ষণ করতে হবে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা পলাশ সাহা বলেন, খেজুরের রস দিয়ে তৈরি গুড় ও পাটালি গ্রামবাংলার শীতকালীন ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ। এসব খাদ্যপণ্য তৈরির সময় পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং সংরক্ষণের ক্ষেত্রে শুকনো ও বায়ুরোধী পাত্র ব্যবহার করা জরুরি। এতে গুড় ও পাটালির গুণগত মান ভালো রাখা সম্ভব।
অন্যদিকে, বিজয়নগর উপজেলার বুধন্তি এলাকার বাসিন্দা রুপম রায় বলেন, খেজুরের রস ও গুড় গ্রামবাংলার শীতকালীন সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ ঐতিহ্য ধরে রাখতে হলে গাছি, রস বিক্রেতা ও সাধারণ ভোক্তাদের নিরাপদ উপায়ে রস সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের বিষয়ে সচেতন হতে হবে।
খেজুর সংরক্ষণ বিষয়ে মো: জালাল উদ্দীন বলেন, খেজুরের রসের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ রস সংগ্রহের পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্টদের জনসচেতনতামূলক প্রচার বাড়ানোর পাশাপাশি গাছি ও বিক্রেতাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া উচিত। এতে একদিকে যেমন শীতের ঐতিহ্য অক্ষুণ্ন থাকবে, অন্যদিকে স্বাস্থ্যঝুঁকিও অনেকাংশে কমানো সম্ভব হবে।