রিপোর্টার : Deshkal খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় একটি মন্দির থেকে প্রতিমার স্বর্ণালংকার, রুপার সামগ্রী ও পূজার বিভিন্ন জিনিস চুরি হয়েছে।
বুধবার রাতে উপজেলার তিনটহরী ইউনিয়নের বড়ডলু হিন্দুপাড়ায় অবস্থিত বাসুদেব স্বরূপ গীতা আশ্রম মন্দিরে এ চুরির ঘটনা ঘটে বলে জানান মন্দির পরিচালনা কমিটির সভাপতি আশীষ দাশ।
তিনি বলেন, রাতের আঁধারে মন্দির থেকে প্রতিমার স্বর্ণের আংটি, বেসলাইট, লকেট, গলার সেট, চেইন, চুড়ি, মাথার তাজ ও রুপার আংটিসহ পিতল-কাঁসার প্রতিমা এবং পূজার বিভিন্ন জিনিস চুরি হয়েছে। এসব সামগ্রীর মূল্য পাঁচ লাখ টাকার বেশি।
ঘটনার খবর পেয়ে মন্দিরটি পরিদর্শন করেন মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ রাশেদ খান চৌধুরী। এ সময় তিনি মন্দির পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন।
ওসি বলেন, প্রতিমার স্বর্ণালংকারসহ বিভিন্ন সামগ্রী চুরির ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।