রিপোর্টার : Deshkal নারায়ণগঞ্জের ২৭ নম্বর ওয়ার্ডজুড়ে প্রায় তিন কিলোমিটার বিস্তৃত কক্ষনদী খাল। শীতলক্ষ্যা নদীর কুড়িপাড়া ঘাট থেকে এ খালের শুরু। একসময় খালটি আশপাশের এলাকার মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল। নৌযানের চলাচলে মুখর থাকত এর জলপথ।
একসময় বড় বড় ট্রলার চলাচল করত এ খাল দিয়ে। খালের দুই পাড়ের গ্রামের শত শত বর-কনে ট্রলারে চড়ে বিয়ের শোভাযাত্রায় যেতেন। আশপাশের যেসব তরুণ একসময় বছরের পর বছর এ খালে জাল ফেলে মাছ ধরতেন, তাঁদের অনেকেই এখন প্রবীণ।
এসব দৃশ্য এখন খালপাড়ের মানুষের কাছে শুধুই স্মৃতি।
প্রায় তিন কিলোমিটার দীর্ঘ খালটি সরেজমিন ঘুরে দেখা গেছে, এর বর্তমান চিত্র সম্পূর্ণ ভিন্ন। খালের দুই পাড় দখল করে গড়ে উঠেছে বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকানপাট। কেউ কেউ খালের ওপর বাড়ির অংশবিশেষও নির্মাণ করেছেন।
গৃহস্থালির বর্জ্য ও আবর্জনা ফেলে খালের স্বাভাবিক পানিপ্রবাহ প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে মাটি জমে চর সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও জন্মেছে জঙ্গল।
একসময় আশপাশের এলাকার মানুষ মাছ ধরার জন্য খালে যে ভেশাল পেতে রাখতেন, সেটিও এখন খালের তলদেশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।
খালের ওপর দিয়ে মানুষের চলাচলের জন্য রয়েছে দুটি পাকা সেতু এবং কয়েকটি বাঁশের সাঁকো।
ফুলহর এলাকার বাসিন্দা লতিফ বলেন, “একসময় এ খাল দিয়ে বড় বড় ট্রলার চলাচল করত। এখন চারপাশ থেকে শুধু দুর্গন্ধ আসে। সিটি করপোরেশন এলাকার ময়লা-আবর্জনা সংগ্রহ না করায় সব বর্জ্য খালে ফেলা হয়। ফলে খালটি ভরাট হয়ে গেছে। পানিও বিষাক্ত হয়ে পড়েছে। অনেকে খালের আশপাশের জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করেছেন।”
তিনি আরও বলেন, “সিটি করপোরেশন অনেকবার খাল খননের জন্য এসেছে, কিন্তু এখনো কাজ হয়নি। সাবেক মেয়র আইভীও এসে খালটি দেখে গিয়েছিলেন, কিন্তু কাজটি করেননি।”
মুরাদপুর এলাকার বাসিন্দা মো. আলমগীর হোসেন বলেন, “ছোটবেলায় দেখেছি, মানুষ এ খাল দিয়ে যাতায়াত করত। অনেক বরযাত্রীকে ছইওয়ালা নৌকায় যেতে দেখেছি। আদমজী জুট মিলের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ খাল দিয়ে যাতায়াত করতেন। মানুষের সুবিধার জন্যই খালটি খনন করা হয়েছিল। ব্যবসায়ীরা এ খাল দিয়ে বড় বড় বাজারে পণ্য নিয়ে যেতেন। এখন সবই স্মৃতি। আমরা চাই, সিটি করপোরেশন খালটি পুনরায় খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনুক।”
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে খাল খননের যে কর্মসূচি গ্রহণ করেছেন, তার অংশ হিসেবে সিটি করপোরেশন এলাকায় খাল খনন ও সংস্কারের কাজ শুরু করেছি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ৩২টি খাল রয়েছে। আমরা সব কটি খাল খনন ও সংস্কার করব। একই সঙ্গে খালের ওপর নির্মিত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। সংস্কারের মাধ্যমে খালগুলোকে দৃষ্টিনন্দন করে তোলা হবে।”
নারায়ণগঞ্জবাসীর কাছে কক্ষনদী খাল কেবল একটি জলপথ নয়; এটি তাঁদের স্মৃতির ভান্ডার। বিয়ে, ব্যবসা-বাণিজ্য এবং হারিয়ে যাওয়া এক জীবনযাত্রার সাক্ষী এই খাল। প্রতিশ্রুতির বাস্তবায়ন না হলে একসময় খালটি শুধু অতীতের স্মৃতি হয়েই থাকবে, আর মনে করিয়ে দেবে হারিয়ে যাওয়া এক জলপথের কথা।