প্রকাশিত : মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ , সন্ধ্যা ০৬:১৪।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৮ এপ্রিল ২০২৬ , সকাল ০৭:৩৪
রিপোর্টার : দেশকাল ডেস্ক

চাঁদের পৃষ্ঠে আইফোন ১৭ প্রো ম্যাক্স


রিপোর্টার : Deshkal

আর্টেমিস ২ মহাকাশযানের ঐতিহাসিক চন্দ্রাভিযান সারা পৃথিবী নজরে রাখছে। এই অভিযানে কমান্ডার রিড ওয়াইজম্যান তাঁর আইফোন ১৭ প্রো ম্যাক্স দিয়ে চাঁদের পৃষ্ঠের একটি অসাধারণ ছবি তুলে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। গত কয়েক দিন ধরে আর্টেমিস ২ মিশনের নভোচারীরা তাঁদের আইফোন দিয়ে তোলা বিভিন্ন ছবি শেয়ার করছেন। নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যানের জানিয়েছেন, এবারই প্রথমবার যেখানে নাসা নভোচারীদের সাম্প্রতিক স্মার্টফোন নিয়ে মহাকাশে উড্ডয়নের অনুমতি দেওয়া হচ্ছে।

মহাকাশযানে থাকা চারটি আইফোন ১৭ প্রো ম্যাক্স ইউনিটের পাশাপাশি ক্রু সদস্যরা ছবি তোলার জন্য গোপ্রো হিরো–৪ ব্ল্যাক, নাইকন ডি–৫ ও নাইকন জেড–৯ ক্যামেরা ব্যবহার করছেন। এসব ছবি নাসার জনসন স্পেস সেন্টারের ফ্লিকার অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে।

৬ এপ্রিল রাতে আর্টেমিস ২ মহাকাশযানটি যখন চাঁদের খুব কাছ দিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়, সেই সময় মহাকাশযান চন্দ্রের মহাকর্ষ ব্যবহার করে পুনরায় পৃথিবীর দিকে মহাকাশযানকে চালাবেন। সেই সময় নভোচারীরা ওরিয়ন ক্যাপসুলের জানালা দিয়ে দেখা দৃশ্যের ছবি তোলার জন্য একে একে সুযোগ নিচ্ছিলেন।

নাসার পাবলিক অ্যাফেয়ার্স অফিসার ও লাইভ মিশন ধারাভাষ্যকার লিয়া মুস্তাচিও যখন লাইভস্ট্রিমে ব্যাখ্যা করে বলেন, ভালো ছবি তোলার সুবিধার্থে নভোচারীরা কেবিনের সব আলো বন্ধ করে দেন। ঠিক তখনই মহাকাশচারী রিড ওয়াইজম্যান লাইভস্ট্রিম ক্যামেরার সামনে এগিয়ে আসেন। তিনি তাঁর আইফোনের স্ক্রিনে চাঁদের পৃষ্ঠের একটি চমৎকার ছবি প্রদর্শন করেন। পরবর্তী সময়ে তিনি লাইভস্ট্রিমে নিশ্চিত করেন, তিনি আইফোনের ৮এক্স জুম ব্যবহার করে একটি ছবি তুলেছেন। অন্যদিকে মিশন কন্ট্রোল নিশ্চিত করে, ছবিতে দৃশ্যমান বিশালাকার গর্তটি হলো বিখ্যাত চেবিশেভ ক্রেটার। মুস্তাচিও জানান, অভিযানের অংশ হিসেবে সংগৃহীত কিছু ছবি পৃথিবীতে পাঠানোর কাজ করছেন নভোচারীরা।

ওয়াইজম্যান লাইভস্ট্রিমে যে ছবি দেখিয়েছেন, তা পৃথিবীতে পাঠানো ছবির তালিকায় থাকবে কি না তা এখনো নিশ্চিত নয়। যদি নাসা তাদের ফ্লিকার অ্যাকাউন্টে এই ফ্লাইবাই মিশনের হাই-রেজোল্যুশন ছবি আপডেট করে, তবে তা দেখা যাবে।