প্রকাশিত : রবিবার , ২৬ এপ্রিল ২০২৬ , রাত ০৮:৫৪।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২৭ এপ্রিল ২০২৬ , রাত ০৯:১৯
রিপোর্টার : অনলিইন ডেস্ক:

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে গুলি, দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে ট্রাম্পকে


রিপোর্টার : Deshkal

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার চলাকালে গুলির ঘটনায় সন্দেহভাজন এক বন্দুকধারীকে আটক করা হয়েছে। তবে তার পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত এই বার্ষিক নৈশভোজ চলাকালে হঠাৎ হোটেলের বাইরে ও লবি এলাকায় গুলির শব্দ শোনা যায়। এতে অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গুলির শব্দ শোনার পর নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস দ্রুত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ উপস্থিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, ট্রাম্প খাবার টেবিলে বসে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শোনার পর নিরাপত্তা সদস্যরা তাকে ঘিরে ফেলেন এবং দ্রুত সরিয়ে নেন। একই সঙ্গে অতিথিদের মাটিতে নিচু হয়ে থাকতে ও নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আটক ব্যক্তি ক্যালিফোর্নিয়ার একজন পুরুষ। তবে তার নাম-পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা দাবি উঠলেও তা এখনো নিশ্চিত হয়নি।

ফক্স নিউজ ও নিউ ইয়র্ক পোস্টের কলামিস্ট ক্যারল মার্কোউইজ দাবি করেন, সন্দেহভাজনের নাম কোল টমাস অ্যালেন (৩১)। ডানপন্থী ভাষ্যকার লরা লুমারও একই দাবি করেছেন। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ঘটনাস্থলে পাঁচ থেকে আট রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। অনুষ্ঠানে প্রায় দুই হাজারের বেশি অতিথি উপস্থিত ছিলেন।

মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো বলেন, গুলির শব্দ শোনার পর তাকে দ্রুত হলরুম থেকে বের করে আনা হয় এবং সিক্রেট সার্ভিস পুরো হোটেলের নিয়ন্ত্রণ নেয়।

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ইউজিন ড্যানিয়েলস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর অনুষ্ঠান পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ঘটনায় ট্রাম্প, মেলানিয়া ট্রাম্প ও জেডি ভ্যান্স অক্ষত রয়েছেন বলে জানা গেছে। তবে কিছু সংবাদমাধ্যমে সন্দেহভাজন বন্দুকধারী নিহত হওয়ার দাবি করা হলেও তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ঘটনার তদন্ত চলছে।