রিপোর্টার : Deshkal
জিয়াউর রহমানের নামে দেশে কোনো ব্যবসা করতে না দেওয়ার কথা বলেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সিলেটের কানাইঘাটে এনসিপির সমাবেশে একথা বলেন তিনি।
তিনি বলেছেন, “১৬ বছর দেশে মুজিবের নামে ব্যবসা হয়েছে, এখন আমরা জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেব না। অবিলম্বে জিয়া-ব্যবসা বন্ধ করেন, সন্ত্রাসবাদ বন্ধ করেন।
“দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। কথা বলার অধিকার থাকতে হবে, জনগণের কর্মসংস্থানের অধিকার, জনগণের খাবারের অধিকার-সবকিছু নিশ্চিত করতে হবে।”
এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ উপলক্ষে বৃহস্পতিবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলায় এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “আমরা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি, বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করি। কিন্তু জিয়াউর রহমানের ছবি-পোস্টার টানিয়ে, বেগম খালেদা জিয়ার ছবি-পোস্টার টানিয়ে সন্ত্রাস করবেন, জমি দখল করবেন, ভূমি দখল করবেন-এটা আমরা মেনে নেব না।”
সংস্কার ও জুলাই হত্যার বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা স্পষ্ট নমুনা দেখতে পাচ্ছি আগামী স্থানীয় সরকার নির্বাচনে কী হতে যাচ্ছে। লাঠিয়াল বাহিনী ও সন্ত্রাসীদের দিয়ে আবার ভোট চুরি করা হবে।
“আপনাদেরকে সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। জাতীয় নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, তা আমরা ঠেকাতে পারি নাই, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের কারচুপি, লাঠিয়াল বাহিনী, সন্ত্রাসীদেরকে আমরা জায়গা করতে দেব না।”
এদিন দুপুরে গোলাপগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ হামলার ঘটনার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, “যারা হামলা করে, রাস্তায় ট্রাক বসিয়ে ভেবেছিল জুলাই পদযাত্রা বন্ধ করে দেবে, কানাইঘাটবাসী আজকে তাদেরকে ব্যর্থ প্রমাণ করেছে।
“প্রিয় সিলেটবাসী, আমরা আজকে কানাইঘাটে এসেছি জুলাই পদযাত্রায় আমাদের যে জুলাইয়ের অঙ্গীকার-সংস্কার এবং বিচার, তার শক্ত দাবিতে কথা বলতে এসেছি।”
বিএনপি সরকার স্বৈরাচারের পথে হাঁটছে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, “মানুষ কষ্টে আছে। গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে। দুই দিন আগে ঢাকায় টিসিবির লাইনে দাঁড়িয়ে এক মহিলা মারা গেছেন।
“কিন্তু বিরোধীদল হিসেবে আমরা এগুলোর সমালোচনা করতে পারব না। আমরা যদি সমালোচনা করি, তাহলে আমাদের চোখ উপড়ে ফেলা হচ্ছে, রাস্তায় ট্রাক ফেলে রাখা হচ্ছে। বালুভর্তি ট্রাক ফেলা হচ্ছে, এটা হচ্ছে তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর নমুনা।”
নতুন কোনো স্বৈরাচারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে জানিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “আমাদের ওয়াদা- বিএনপি যদি সেই পথে হাঁটে, স্বৈরাচার ও সন্ত্রাসের পথে হাঁটে, আমরা কোটি জনতা ঐক্যবদ্ধ আছি।
“আমরা আবু সাঈদের উত্তরসূরিরা, ওসমান হাদীর উত্তরসূরিরা ঐক্যবদ্ধ আছি। নিজেদের জীবনের রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন কোনও স্বৈরাচার এবং জুলুমবাজকে ক্ষমতায় থাকতে দেব না, দেব না, দেব না।”
দুই দিন আগে হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার সমালোচনা করে নাহিদ বলেন, “শেখ হাসিনা শত শত ভাই-বোনের চোখ নষ্ট করে, গুলি করে আজকে দিল্লিতে নির্বাসিত। তারেক রহমান, নতুন বাংলাদেশে আমার আরেক ভাইয়ের চোখ নষ্ট করে কী বার্তা দিতে চাচ্ছেন?
“বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। অবশ্যই সেই কিশোরের চোখ কীভাবে ফেরত দেবেন আমরা জানি না, কিন্তু সেই চোখ ফেরত না দেওয়া পর্যন্ত আমরা ঘর ছাড়ব না।”
স্থানীয় সরকার নির্বাচনে কানাইঘাটবাসীকে ‘শাপলা কলির’ পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।
সমাবেশে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।