রিপোর্টার : Deshkal > জনগুরুত্বপূর্ণ নাগরিক সেবা হাতের মুঠোয়।
> দালালচক্র হ্রাস ও প্রযুক্তি নির্ভর প্রশাসনের অনন্য উদ্যোগ ।
> সাধারণ জনগণ সরাসরি কথা বলতে পারছে ডিসির সাথে।
> অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠছে ঢাকা ডিসি অফিসের সেবা।
নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলা প্রশাসনের সেবা প্রদান প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও দালালমুক্ত করতে চালু হওয়া ‘হ্যালো ডিসি’ (Hello DC) মোবাইল অ্যাপ সাধারণ নাগরিক ও প্রবাসীদের মধ্যে ব্যাপকভাবে সমাদৃত হচ্ছে। ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানমের বিশেষ উদ্যোগে নির্মিত এই অ্যাপটি চালুর পর থেকে সরকারি সেবাপ্রাপ্তিতে ভোগান্তি কমার পাশাপাশি নাগরিক সন্তুষ্টি বৃদ্ধি পেয়েছে, যার ফলে সামাজিক ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন পর্যায়ে প্রশংসিত হচ্ছেন জেলা প্রশাসক।
গত ২১ জুলাই ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই অ্যাপটির উদ্বোধন করা হয়। হ্যালো ডিসি অ্যাপটির মূল লক্ষ্য—নাগরিকদের সময়, খরচ ও প্রশাসনিক জটিলতা কমিয়ে সরাসরি সরকারি সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়া। যার মাধ্যমে প্রাপ্ত নাগরিক সেবাসমূহের সবই জনগুরুত্বপূর্ণ।
এক জায়গায় বহুবিধ সেবা:
ভূমি সংক্রান্ত জটিলতা (নামজারি, মিউটেশন, অর্পিত সম্পত্তি), আইনশৃঙ্খলা রক্ষা, ত্রাণ ও সাহায্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং এনজিও ও লাইসেন্সিং সেবা।
অভিযোগ ও পরামর্শ প্রেরণ:
নাগরিকেরা সরাসরি জেলা প্রশাসনের কাছে যেকোনো স্থানীয় সমস্যা বা সরকারি সেবা সংক্রান্ত অভিযোগ ও পরামর্শ জমা দিতে পারছেন এবং অ্যাপ থেকেই আবেদনের বর্তমান অগ্রগতি পর্যবেক্ষণ (ট্র্যাকিং) করতে পারছেন।
সরাসরি সাক্ষাতের সুযোগ:
পূর্বে জেলা প্রশাসকের সাথে দেখা করার জন্য যে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো, তা এখন অ্যাপের মাধ্যমে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগে পরিণত হয়েছে।
জরুরি হটলাইন সেবা: অ্যাপের পাশাপাশি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সরাসরি কথা বলার জন্য ‘০১৯৬১-৬০৬০৬০’ হেল্পলাইন নম্বরও সচল রয়েছে।
প্রবাসীদের স্বস্তি ও দালালচক্র প্রতিরোধ। 'হ্যালো ডিসি’ অ্যাপের বড় একটি সাফল্য তৈরি হয়েছে প্রবাসীদের জন্য। দেশে না থেকেও প্রবাসীরা জমিজমা সংক্রান্ত বিরোধ বা নাগরিক সমস্যার বিষয়ে সরাসরি অভিযোগ জমা দিতে পারছেন। সম্প্রতি যুক্তরাজ্যপ্রবাসী এক নাগরিক দেশে না এসেও এই অ্যাপের মাধ্যমে তার ম্যানিকদিয়া এলাকার জমি দখলের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়ে দ্রুত আইনি দিকনির্দেশনা ও প্রতিকারমূলক সহায়তা পেয়েছেন।
অ্যাপটি চালুর ফলে মাঠপর্যায়ের প্রশাসনিক কর্মকাণ্ডে মধ্যস্বত্বভোগী ও দালালচক্রের দৌরাত্ম্য উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলে মনে করছেন সেবাগ্রহীতারা।
স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন মাত্রা।
এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম জানান, “আমরা সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রযুক্তির সঠিক ব্যবহারে সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি প্রশাসন আরও স্বচ্ছ, জবাবদিহিমূল এবং জনবান্ধব হচ্ছে।” বর্তমানে অ্যাপটি hellodc.bd ওয়েবসাইট ও ঢাকা জেলা প্রশাসনের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সংগ্রহ করা যাচ্ছে। গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরেও এটি দ্রুত পূর্ণাঙ্গভাবে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।