রিপোর্টার : Md Al-amin Chawdhury বাংলাদশে সরকারের নীতিমালা অনুযায়ী নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমগুলোকে সরকারি নীতি সহায়তা দেওয়ার দাবি যৌক্তিক মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ বিষয়ে খুব দ্রুতই উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
আজ সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর এক সভায় এসব বিষয়ে আলোচনা করেন। উক্ত সভায় দেশের নিবন্ধিত শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকরা অংশ গ্রহন করেন। তারা নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমকে সরকারি বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি এ খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকারের নীতিগত সহায়তা চান।
সভায় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক ও রাজনীতি ডটকমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু অনলাইন সংবাদমাধ্যমগুলোর বিদ্যমান সমস্যা ও সমাধানের প্রস্তাব তুলে ধরেন। সেই সঙ্গে ফোরামের সদস্যসচিব ও ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, প্রধান পৃষ্ঠপোষক ও সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনূছ, জাগো নিউজের সম্পাদক কে এম জিয়াউল হক, খবরের সংযোগের সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দেশ সমাচারের সম্পাদক শাহাদাত হোসেন এবং রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায় বক্তব্য দেন।
ফোরামের লিখিত বক্তব্যে বলা হয়, নিবন্ধন দেওয়ার বাইরে অনলাইন নিউজ পোর্টালগুলোর জন্য সরকারের কার্যকর নীতিগত সহায়তা প্রায় নেই বললেই চলে। নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনতে একটি প্রজ্ঞাপন বা সরকারি আদেশ জারি করলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তা বাস্তবায়ন করতে পারবে। এতে সরকারের অতিরিক্ত কোনো আর্থিক দায় তৈরি হবে না। পরবর্তী সময়ে তথ্য অধিদপ্তর বা মন্ত্রণালয়ের অধীন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পেজভিউ, নিজস্ব কার্যালয়, জনবলসহ প্রয়োজনীয় সূচক বিবেচনায় বিজ্ঞাপন বণ্টনের পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করতে পারে। অন্তর্বর্তী সরকারের মিডিয়া কমিশনও এ বিষয়ে সুপারিশ করেছিল বলে বক্তব্যে উল্লেখ করা হয়।