রিপোর্টার : Deshkal তৃতীয় আন্তর্জাতিক ফ্যাসিবাদ বিরোধী ফোরামে যোগদানের উদ্দেশ্যে রাশিয়ার রাজধানী মস্কোর পথে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি জননেতা কাজী সাজ্জাদ জহির চন্দন।
শনিবার দেশকাল কে জানানো হয়- মস্কোতে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক দল, গণআন্দোলনের শীর্ষস্থানীয় নেতা, বুদ্ধিজীবী ও শান্তি আন্দোলনের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলন সূত্রে জানা গেছে, বিশ্বব্যাপী মাথাচাড়া দিয়ে ওঠা ফ্যাসিবাদ, সাম্রাজ্যবাদ, যুদ্ধনীতি এবং গণতন্ত্রবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সংহতি কীভাবে আরও জোরদার করা যায়—সেসব বিষয়ে সম্মেলনে বিশদ আলোচনা অনুষ্ঠিত হবে।
এবারের ফোরামে “আন্তর্জাতিক সন্ত্রাসবাদ- আগ্রাসনের বিরুদ্ধে শান্তি ও নিরাপত্তার সংগ্রাম” শীর্ষক একটি বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দের পাশাপাশি বক্তব্য রাখবেন সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন।
দলীয় সূত্রে জানা গেছে, সফরকালে তিনি বাংলাদেশের সাধারণ মানুষের অধিকারের কথা বলার পাশাপাশি শান্তি, গণতন্ত্র, সাম্য, প্রগতিশীলতা ও আন্তর্জাতিক সংহতির পক্ষে সিপিবির সুস্পষ্ট অবস্থান ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরবেন।