প্রকাশিত : বুধবার , ৮ জুলাই ২০২৬ , সন্ধ্যা ০৬:১৫।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ৯ জুলাই ২০২৬ , রাত ১২:১১
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে: জামায়াত আমির


রিপোর্টার : Deshkal

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ‘জুলাই সনদ’ নিয়ে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণের অধিকার ও জনমতের প্রশ্নে সরকারকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

বুধবার (৮ জুলাই) রাজধানীর কাকরাইলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার কার্যকর করার দাবি’তে এই সেমিনারের আয়োজন করে ১১ দলীয় ঐক্য।

সেমিনারে জামায়াত আমির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “রাজনৈতিক দল যদি জাতির সঙ্গে প্রতারণা করে, তাহলে ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না। আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চেয়েছিলাম, কোনো ধরনের ষড়যন্ত্র চাইনি। কিন্তু পর্দার আড়ালে ষড়যন্ত্র করা হয়েছে এবং অত্যন্ত দুঃখজনকভাবে অন্তর্বর্তী সরকারও এই ষড়যন্ত্রে জড়িত ছিল। আমরা এর তীব্র নিন্দা জানাই।” জনমতের গুরুত্ব উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, যারা জনগণের রায় বা জনমতের ওপর প্রশ্ন তুলছে, তারা আসলে গণতন্ত্রেই বিশ্বাস করে না।

সেমিনারে জামায়াত আমির ছাড়াও ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। বক্তারা দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির তীব্র সমালোচনা করে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি দেশকে নতুন একটি রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। দেশে নতুন করে অনাকাঙ্ক্ষিত রক্তপাত এবং বিশৃঙ্খলা এড়াতে গণভোটের রায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে তারা উল্লেখ করেন।

সেমিনার থেকে নেতারা স্পষ্ট বার্তা দেন যে, জুলাই বিপ্লবের চেতনা এবং জনগণের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করার যেকোনো চেষ্টা রুখে দেওয়া হবে। জনগণের মৌলিক ও রাজনৈতিক অধিকার আদায়ে জামায়াতে ইসলামী এবং সমমনা দলগুলো রাজপথে আপসহীন ভূমিকা পালন করবে বলেও সেমিনারে হুঁশিয়ারি দেওয়া হয়।