গাজীপুরের শ্রীপুরে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস. এম. রফিকুল ইসলাম।
সোমবার তিনি প্রকল্প এলাকাগুলো পরিদর্শন করে আনুষ্ঠানিকভাবে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী তৌহিদ আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির আজাদ মন্ডল, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. মাহফুজ হাসান হান্নানসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, মোট ১৯ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ৬১৮ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— নিশ্চিন্তপুর সড়ক, বিন্দুবাড়ী–সিংরাতলী সড়ক, হয়দেবপুর–উদয়খালী সড়ক, মাইজপাড়া–বলদীঘাট সড়ক এবং লালপুকুর–কাওরাইদ সড়কে একটি আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ। আগামী ২০২৭ সালের জুন মাসের মধ্যে প্রকল্পগুলোর কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।