মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সাবেক সেক্রেটারী জেনারেল, নির্বাহী পরিষদের সাবেক সদস্য এবং অন্যতম সক্রিয় সদস্য মানবাধিকার কর্মী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র এডভোকেট এবং সাবেক এটর্নী জেনারেল মো. আসাদুজ্জামান নব নির্বাচিত সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ পাওয়ায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ।
এডভোকেট মো. আসাদুজ্জামান তিন দশকেরও বেশি সময় ধরে মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে আসছেন। তিনি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক গুরুত্বপূর্ণ জনস্বার্থমূলক মামলা পরিচালনা করে মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার পেশাগত সততা, আইনি দক্ষতা, অভিজ্ঞতা এবং মানবিক মূল্যবোধ দেশের আইন ও বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।
আমরা আশা করি, তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর দায়িত্ব পালনকালে মানবাধিকার, ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবেন এবং সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি আরও সহজতর হবে।
মানবাধিকার, গণতন্ত্র এবং সাংবিধানিক মূল্যবোধ সমুন্নত রাখতে তার নেতৃত্ব বাংলাদেশ এর জন্য ইতিবাচক অবদান রাখবে বলে আইন ও সালিশ কেন্দ্র (আসক) আশাবাদ ব্যক্ত করছে।