• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬ , দুপুর ০২:২৯
শিরোনাম
হোম / জাতীয়
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

মিথ্যা মামলায় কাউকে হয়রানি হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী


মিথ্যা মামলায় কাউকে হয়রানি হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

প্রিন্ট ভিউ

সুনির্দিষ্ট অপরাধ ছাড়া মিথ্যা মামলায় কাউকে হয়রানি হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

সুনির্দিষ্ট অপরাধ ছাড়া মিথ্যা অভিযোগের মামলায় কাউকে হয়রানি হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সুনির্দিষ্ট অপরাধ বা অভিযোগ থাকলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

সোমবার (১ জুন) ঈদের দীর্ঘ ছুটির পর প্রথম কার্যদিবসে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ইতোমধ্যে সাংবাদিক নেতা, সংবাদপত্রের সম্পাদক এবং মালিকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন।

তারা বলেছেন, এই প্রথম তারা নিয়ন্ত্রণবিহীনভাবে সাংবাদিকতা করেছেন। কোথাও কোনো মহল বা সরকারি পর্যায় থেকে কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়নি।

তিনি বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন স্থানে যেসব মামলা হয়েছে, তার অনেকটাই ক্ষোভ-বিক্ষোভ এবং ভুক্তভোগীদের প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ। তবে এসব মামলা কতটা গোছানো, কতটা অগোছালো-নতুন সরকার হিসেবে আমাদের তা দেখতে হচ্ছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতের সময় স্পষ্টভাবে বলেছেন, সুনির্দিষ্ট অপরাধ ছাড়া কোনো মিথ্যা অভিযোগে কাউকে হয়রানি হতে দেওয়া হবে না। তবে সুনির্দিষ্ট অপরাধ বা অভিযোগ থাকলে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়া চলবে।

ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সরকারের প্রায় ১০০ দিনের কার্যক্রমে বিভিন্ন মহল থেকে যে সহযোগিতা পাওয়া গেছে, তার জন্য সবাইকে ধন্যবাদ। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞতা ও ঈদের শুভেচ্ছা জানান।

আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিনি এখনো বিষয়টি বিস্তারিত জানেন না। তবে যদি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত না হয়ে থাকে, তাহলে সেটি উদ্বেগের বিষয়।

জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমের কাজ হচ্ছে সবকিছু জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরা। সেই কাজে সহযোগিতা করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব। বিশেষ করে টেলিভিশন সাংবাদিকরা সরাসরি সম্প্রচারের মাধ্যমে তথ্য তুলে ধরেন, যেখানে তথ্য বিকৃতির সুযোগ কম থাকে।

সাভারে সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। মাদক চক্র বর্তমানে দেশের অন্যতম বড় অপরাধচক্র। সেই চক্র যদি সাংবাদিকদের মতো গুরুত্বপূর্ণ পেশাজীবীদের ওপর হামলা চালায়, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রী হিসেবে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাবেন।

জাতীয়

আরও পড়ুন