শরীয়তপুর নড়িয়ায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা হলরুমে নড়িয়া উপজেলা মৎস্য অফিসের আয়োজনে অনুষ্ঠানের মাধ্যমে এই বকনা বাছুর বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।উক্ত অনুষ্ঠানে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ২ - আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরন।
এছাড়াও উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মুন্সী সামছুল আলম দাদন সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জাকির হোসেন মৃধা উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জেলেদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বিকল্প আয়ের উৎস সৃষ্টি করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, গবাদি পশুপালন জেলেদের জন্য একটি স্থায়ী বিকল্প আয়ের পথ তৈরি করবে। অনুষ্ঠানের সমাপ্তিতে প্রধান অতিথি নিবন্ধিত ৬০ জন জেলেদের মধ্যে একটি করে বকনা বাছুর বিতরণ করেন।