বাংলাদেশ রোয়িং ফেডারেশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার সম্প্রসারণ এবং আধুনিকায়নে একটি কৌশলগত রূপরেখা প্রণয়ন করা হয়।
বাংলাদেশ রোয়িং ফেডারেশনের সভাপতি শোয়েব চৌধুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সহ-সভাপতি খুরশীদ আলম, ড. এ. এফ. এম. রাজু, ও জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সরফুদ্দীন আলী, কোষাধ্যক্ষ আল আমিন চৌধুরী এবং উপদেষ্টা মো. রিশামসহ প্রায় সব কার্যনির্বাহী সদস্য উপস্থিত ছিলেন।
সভায় ফেডারেশনের কাঠামো ও প্রতিযোগিতামূলক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আগামী পাঁচ বছরের একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। প্রশাসনিক গতিশীলতা ও অ্যাথলেটদের প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ রোয়িং ফেডারেশনকে পুরোপুরি প্রযুক্তি-নির্ভর করে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়।
জাতীয় ও আন্তর্জাতিক ইভেন্টে নিয়মিত অংশগ্রহণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ফেডারেশন। আগামী এশিয়া কাপ ও ওয়ার্ল্ড কংগ্রেসসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইভেন্টগুলোতে অংশগ্রহণ নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। উপস্থিত সদস্যরা জোর দিয়ে বলেন, বৈশ্বিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
সভার শুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দলের হতাশাজনক পরাজয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং দেশের সব ক্রীড়া ক্ষেত্রে কাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
এছাড়া, সরকার ঘোষিত আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করার ব্যাপারে সর্বসম্মতিক্রমে ঐক্যমত পোষণ করা হয়।