বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার লক্ষ্য নিয়ে ‘সিলিকন রিভার ইউএসএ রোডশো ২০২৬’-এর সিলিকন ভ্যালি পর্ব সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)। এই সফরে প্রতিনিধিদলটি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগকারী এবং সেমিকন্ডাক্টর খাতে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত প্রযুক্তি পেশাজীবীদের সাথে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক করেছে।
এই মিশনের নেতৃত্ব দেন অধ্যাপক মুহাম্মদ মুস্তফা হুসেইন। তিনি সেমিকন্ডাক্টর ডিজাইন, অ্যাডভান্সড প্যাকেজিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রোবোটিক্স এবং বায়োটেকনোলজি নিয়ে বাংলাদেশের দীর্ঘমেয়াদি রোডম্যাপ বিশ্বমঞ্চে তুলে ধরেন। রোডশোতে অংশ নেওয়া বাংলাদেশি কোম্পানিগুলো চিপ ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং সেবায় নিজেদের সক্ষমতা ও ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা প্রদর্শন করে, যা বাংলাদেশকে এই খাতের একটি উদীয়মান হাব হিসেবে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শীর্ষ নির্বাহীদের সাথে প্রতিনিধিদলের আলোচনা মূলত দক্ষতা উন্নয়ন, স্টোরেজ সিস্টেম ভ্যালিডেশন, এআই-ভিত্তিক অবকাঠামো এবং পরবর্তী প্রজন্মের ম্যানুফ্যাকচারিং উদ্ভাবনের ওপর একটি ৫ বছর মেয়াদি সহযোগিতা কাঠামোর ওপর কেন্দ্র করে আবর্তিত হয়। প্রতিষ্ঠানটির নেতৃত্ব বাংলাদেশের সাথে সহযোগিতার পথ খতিয়ে দেখতে একটি অভ্যন্তরীণ কমিটিও গঠন করেছে।
বৈশ্বিক চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সাথে আলোচনা মূলত বাণিজ্যিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে তাদের সাপ্লাই চেইনে অন্তর্ভুক্ত করার বিষয়ে ছিল। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, প্রাথমিক বিক্রেতা (Primary Vendor) হিসেবে দুটি বাংলাদেশি কোম্পানিকে তালিকাভুক্ত করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। এছাড়া বাংলাদেশে একটি উন্নত প্যাকেজিং গবেষণা ও ডিজাইন সেন্টার স্থাপনের সম্ভাবনা নিয়েও কথা হয়েছে।
(EDA) জায়ান্ট সিনোপসিস বাংলাদেশের প্রস্তাবিত জাতীয় কর্মসংস্থান উদ্যোগের আওতায় হাজার হাজার প্রকৌশলীকে দক্ষ করে তুলতে তাদের একাডেমিক রিসার্চ অ্যালায়েন্স প্রোগ্রাম সম্প্রসারণের আশ্বাস দিয়েছে। গ্লোবাল পার্টনার ও বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ে একটি 'ম্যানুফ্যাকচারিং ডিজাইন কিট (MDK) সেন্টার' প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়েছে।
ইন্টেল (Intel)-এর সদর দপ্তরে আয়োজিত বৈঠকে নেতৃত্বস্থানীয় কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশি বংশোদ্ভূত প্রকৌশলীরা অংশ নেন। সেখানে ডিজাইন উদ্ভাবন, অ্যাডভান্সড প্যাকেজিং এবং মেধা উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততার ওপর জোর দেওয়া হয়।
অন্যদিকে, চিপ আর্কিটেকচার জায়ান্ট আর্ম (Arm)-এর সাথে বৈঠকে এআই-চালিত কম্পিউটিং ও সিস্টেম ডিজাইন এবং হাই-স্পিড কানেক্টিভিটি সলিউশন নিয়ে ক্রিডো (CREDO)-এর সাথে সেমিকন্ডাক্টর ডিজাইন পার্টনারশিপের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সিলিকন ভ্যালির পর স্যাক্রামেন্টোতে প্রবীণ সেমিকন্ডাক্টর পেশাজীবী তৌহিদ রহমানের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রবাসীরা বাংলাদেশের প্রযুক্তিগত রূপান্তরকে এগিয়ে নিতে মেন্টরশিপ, বিনিয়োগ ও কারিগরি সহযোগিতার মাধ্যমে ‘ব্রেনগেইন’ (BRAINGAIN) উদ্যোগে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন।
ক্যালিফোর্নিয়ায় আয়োজিত ‘সিলিকন রিভার ব্যাংকুয়েট’-এ প্রায় ১০০ জন চিপ এক্সিকিউটিভ, বিনিয়োগকারী ও প্রকৌশলী অংশ নেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম বলেন,
বাংলাদেশের ‘ব্রেনগেইন’ উদ্যোগটি দেশের প্রযুক্তিগত রূপান্তরের ক্ষেত্রে একটি অন্যতম বুদ্ধিবৃত্তিক চালিকাশক্তি হিসেবে কাজ করছে।
এছাড়া ইল্ড ইঞ্জিনিয়ারিং সিস্টেমস (Yield Engineering Systems) এবং ইউসি বার্কলের স্কাইডেক (SkyDeck) এক্সিলারেটরের সাথে বৈঠকে ম্যানুফ্যাকচারিং ইক্যুইপমেন্ট তৈরি এবং মার্কিন ভেঞ্চার ক্যাপিটাল নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশি স্টার্টআপগুলোর অর্থায়নের সুযোগ তৈরির বিষয়ে আলোচনা হয়, যা বাংলাদেশের উদীয়মান এই খাতকে বিশ্ববাজারে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।