‘শিক্ষা, উদ্ভাবন ও চিকিৎসার মাধ্যমে থাইরয়েডের স্বাস্থ্যসেবা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির (বিটিএস) ‘৮ম আন্তর্জাতিক সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভা ২০২৬’। কাল শুক্রবার (৯ অক্টোবর) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, দিনব্যাপী এই সম্মেলনে থাইরয়েডজনিত বিভিন্ন রোগের বৈচিত্র্যময় কারণ, আধুনিক রোগ নির্ণয় পদ্ধতি এবং সাশ্রয়ী ও বৈজ্ঞানিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে দেশ-বিদেশের বিশেষজ্ঞরা আলোচনা করবেন।
শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নূরে আলম চৌধুরী (লিটন চৌধুরী) এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ করিম। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ থাইরয়েড সোসাইটির সভাপতি ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেসের (নিনমাস) পরিচালক অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী।
সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. নাসরীন সুলতানা আশাবাদ ব্যক্ত করে জানান, দেশ-বিদেশের চিকিৎসা বিশেষজ্ঞ ও গবেষকদের অংশগ্রহণে এই সম্মেলন পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সকাল ৮টায় রেজিস্ট্রেশন ও কিট বিতরণের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবে। এর পর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত প্লেনারি সেশন এবং সকাল ১০টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত সায়েন্টিফিক সেশন ১ ও ২ অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় মূল উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর ২টা ৫০ মিনিট থেকে বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত ফ্রি পেপার ও পোস্টার সেশন চলবে। পরবর্তীতে বিকেল ৪টা ৩৫ মিনিটে প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত বাংলাদেশ থাইরয়েড সোসাইটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও সমাপনী বক্তব্য অনুষ্ঠিত হবে।