বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা।
গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে তাঁকে প্রেষণে বিসিআইসি'র চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
নবনিযুক্ত চেয়ারম্যান মো. বাবুল মিঞা বর্তমানে প্রশাসন ক্যাডারের শীর্ষ সংগঠন 'বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন'-এর মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দড়িভেলানগর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। একজন দক্ষ ও অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তাঁর দায়িত্ব পালনের সুনাম রয়েছে। তাঁর এই নতুন দায়িত্বে বিসিআইসি'র সার্বিক কার্যক্রমে গতিশীলতা আসবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।