ঢাবির শিক্ষক ও সাবেক রাষ্ট্রদূত ড. নিম চন্দ্র ভৌমিক আর নেই
প্রিন্ট ভিউ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের প্রবীণ শিক্ষক, জগন্নাথ হলের সাবেক প্রাধ্যক্ষ, নেপালে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক পরলোকগমন করেছেন।
রবিবার (০৪ অক্টোবর ২০২৬) প্রথম প্রহরে ঢাকার জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আজ রবিবার (০৪ অক্টোবর ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ ঢাকার শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে নিয়ে যাওয়া হয়।
বর্ণাঢ্য জীবন ও বৈচিত্র্যময় অবদান:
প্রজ্ঞাবান এই শিক্ষাবিদ তাঁর দীর্ঘ কর্মজীবনে একাধারে শিক্ষাঙ্গন, কূটনীতি এবং অসাম্প্রদায়িক সামাজিক আন্দোলনে নেতৃত্বের ভূমিকায় ছিলেন। তিনি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন গণমাধ্যমের সাথেও সম্পৃক্ত ছিলেন।
মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং দেশে গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ বিনির্মাণে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।
বিশিষ্টজনদের শোক ও সমবেদনা:
ড. নিম চন্দ্র ভৌমিকের প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী গোপাল চন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক শ্রী শুভাশিস কুমার বিশ্বাস সাধন।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, "অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের প্রয়াণে দেশ একজন প্রাজ্ঞ শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা, দক্ষ কূটনীতিক এবং অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনার একনিষ্ঠ ধারককে হারাল। তাঁর সমগ্র জীবন ছিল দেশ, সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিত। জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ও নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।"
নেতৃবৃন্দ আরও বলেন, তাঁর দীর্ঘ সংগ্রামী জীবন, নীতি-আদর্শ, প্রজ্ঞা ও কর্মময় উত্তরাধিকার আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশপ্রেমিক নাগরিক সমাজ ও সনাতন ধর্মাবলম্বীদের মাঝে যে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।
মহানগর সার্বজনীন পূজা কমিটির দপ্তর সম্পাদক পরিমল কুমার ভৌমিক স্বাক্ষরিত এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি ও সদগতি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
অন্যান্য