• ঢাকা
  • বুধবার , ২৯ জুলাই ২০২৬ , রাত ০৩:১৩
শিরোনাম
হোম / জাতীয়
রিপোর্টার : স্বপন কুমার সিং, নিজস্ব প্রতিবেদক :
ফুলেল শুভেচ্ছায় বরণ, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক

ফুলেল শুভেচ্ছায় বরণ, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক

প্রিন্ট ভিউ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক আজ সোমবার (২৭ জুলাই) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা ফুলের তোড়া দিয়ে নবনিযুক্ত উপাচার্যকে বরণ করে নেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হককে চার বছরের জন্য হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়োগের কথা উল্লেখ করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজনবোধে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
অধ্যাপক ড. মোজাম্মেল হক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন সুপরিচিত ও জ্যেষ্ঠ শিক্ষক। ২০০৪-০৫ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠার শুরু থেকেই তিনি ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের সঙ্গে যুক্ত রয়েছেন এবং বিভাগের সবচেয়ে সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত দীর্ঘ নয় বছর বিভাগের প্রধান ছিলেন। বর্তমানে তিনি শাবিপ্রবির সেন্টার অব এক্সেলেন্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষাজীবনে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে জাপান সরকারের মর্যাদাপূর্ণ ‘মেক্সট’ (MEXT) স্কলারশিপ লাভ করে জাপানের চিবা বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিদ্যায় মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
গবেষণা ক্ষেত্রেও তিনি একজন প্রতিষ্ঠিত গবেষক। দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য জার্নালে তার ৯০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ, ফুড কেমিস্ট্রি, টি সায়েন্স, সয়েল মাইক্রোবায়োলজি এবং সয়েল ম্যানেজমেন্ট তার গবেষণার প্রধান ক্ষেত্র।
এছাড়া শিক্ষক সমাজের কল্যাণে সক্রিয় ভূমিকার জন্যও তিনি পরিচিত। তিনি ২০১২ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (সুটা) সাধারণ সম্পাদক এবং ২০১৬ সালে সহ-সভাপতি নির্বাচিত হন।
দায়িত্ব গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, গবেষণানির্ভর ও আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব।
উল্লেখ্য, এর আগে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড এপিডেমিওলজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ। তিনি ২০২৪ সালের ১ অক্টোবর উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।
নবনিযুক্ত উপাচার্যের যোগদানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

জাতীয়

আরও পড়ুন