ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে গেলেও বড় ধরনের দুর্ঘটনা হাত থেকে রক্ষা পায় । আহত হয়েছেন পিকআপ চালক এবং একটি গরুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ মে) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি একটি লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কোরবানির পশুবাহী পিকআপটি রেললাইন পার হওয়ার সময় হঠাৎ লাইনের ওপর আটকে পড়ে। ঠিক তখনই ঢাকা থেকে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছে যায়। ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় পিকআপ চালক শান্ত মিয়া (২৩) আহত হয়েছেন। তাকে উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া পিকআপে থাকা একটি গরু ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত পিকআপটি সরিয়ে নেওয়ার পর প্রায় ২০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।