ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ বৈশাখী শোভাযাত্রা উপভোগ করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। এদের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও নরওয়ের রাষ্ট্রদূত সস্ত্রীক উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে ঢাবি এলাকা ঘুরে দেখা যায়, রাজু ভাস্কর্য ও টিএসসি প্রাঙ্গণের সামনে দাড়িয়ে শোভাযাত্রা উপভোগ করছেন বিদেশি কূটনীতিকরা। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন সস্ত্রীক শোভাযাত্রা দেখতে আসেন।
এছাড়া ভারত, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক মিশনের কূটনীতিকরাও শোভাযাত্রা উপভোগ করেন। তারা মোবাইল ফোনে ছবি তোলা ও সেলফি নেওয়ার মাধ্যমে উৎসবের মুহূর্ত ধারণ করেন। উপস্থিত কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঢাবির শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামি জানান, বিভিন্ন দেশের কূটনীতিকরা সস্ত্রীক শোভাযাত্রা দেখতে এসেছেন এবং পুরো আয়োজন উপভোগ করেছেন।
এদিন সকাল ৯টার পর “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” প্রতিপাদ্য নিয়ে চারুকলা অনুষদের সামনে থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়। উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি চারুকলা গেট থেকে শুরু হয়ে শাহবাগ, রাজু ভাস্কর্য, টিএসসি ও দোয়েল চত্বর ঘুরে আবার চারুকলায় গিয়ে শেষ হয়। বৈশাখের প্রথম প্রভাতে রমনা বটমূলে ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে বর্ষবরণ উৎসবের সূচনা হয়।