শরীয়তপুরের নড়িয়ায় ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হোসাইন আহম্মেদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় আলেম-ওলামা ও সচেতন মুসলিম সমাজের প্রতিনিধিরা।
রবিবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে নড়িয়া থানা ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাওলানা হোসাইনের মুক্তি ও তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাওলানা হোসাইনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল থেকে মাওলানা হোসাইনের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
উল্লেখ্য, ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামের ওই মাদ্রাসার প্রিন্সিপালকে গত ১২ অক্টোবর শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নড়িয়া থানায় মামলা করেন। পরদিন তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
তবে মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা মামলাটিকে মিথ্যা দাবি করে বলেন নড়িয়া বৈশাখী পাড়া তার বাড়ি ও মাদ্রাসা থেকে তাকে বিতাড়িত করার জন্য এ ষড়যন্ত্র করেন দুষ্কৃতিকারীরা। এর নিরপেক্ষ তদন্ত, মামলা প্রত্যাহার এবং মাওলানা হোসাইনের মুক্তির দাবি জানান। যদি তাকে মুক্তি দেয়া না হয় শরীফপুর জজকোর্টে দিনব্যাপী মানববন্ধন ও ঢাকা জাতীয় প্রেসক্লাবে কর্মসূচি সহ কঠোরতম আন্দোলনের ঘোষণা দেন।