মাদারীপুরের শিবচরে কুকুরের কামড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চার শিশু গুরুতর আহত হয়। গুরুতর আহত তিন শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিরুয়াইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যের বাজার এলাকায় একটি কুকুর হঠাৎ নারী, পুরুষ ও শিশুদের ওপর আক্রমণ চালায়। এ সময় কেরামত আলী বেপারীর মেয়ে মরিয়ম আক্তার (৫), ওবাদুর বেপারীর ছেলে আয়ান (২), মো. বাদলের ছেলে মুরসালিন (৫) ও রুবেল বেপারীর মেয়ে রুবিনা (৫) গুরুতর আহত হয়। এ ছাড়া আরও কয়েকজন কুকুরের কামড়ে আহত হন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, উৎরাইল নয়াবাজার, কৃষি ব্যাংকের মোড় ও মধ্যের বাজার এলাকায় প্রায়ই দলবদ্ধ কুকুর ঘোরাফেরা করে। এতে শিশু ও সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই ভীতি রয়েছে।
স্থানীয় বাসিন্দা লিয়াকত বেপারী বলেন, “এলাকার রাস্তাঘাটে দল বেঁধে কুকুর ঘুরে বেড়ায়। বাচ্চারা সকালে মসজিদে আরবি পড়তে কিংবা স্কুলে যেতে ভয় পায়। বুধবার সকালে একটি কুকুর প্রথমে এক শিশুকে কামড় দেয়। পরে দুপুরের দিকে আরও কয়েকটি শিশুর মুখে ও শরীরে কামড়ে গুরুতর জখম করে। নারী-পুরুষসহ বড়দেরও কামড়ানো হয়।”
তিনি আরও বলেন, “আমার ভাতিজির মুখের মাংস পর্যন্ত তুলে নিয়েছে কুকুরে। প্রায় আধা ঘণ্টার মধ্যে ৭ থেকে ৮ জনকে কামড়ায়। প্রথমে আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় ভ্যাকসিন না থাকায় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।”
স্থানীয়রা জানান, ঘটনার পর বৃহস্পতিবার এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হয়েছে। বিশেষ করে শিশুদের একা বাইরে না যেতে অভিভাবকদের সচেতন করা হচ্ছে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে কি না, তা খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”