ব্রাহ্মণবাড়িয়ায়
পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন আখাউড়া
উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম।
আজ
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পুলিশ এর নিরাপত্তায় তিনি নিজ বাড়িতে পৌঁছেন আর
জানাজায় অংশ নেন। দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যে তাকে আবার কারাগারে
ফিরিয়ে নেওয়া হয়।
শাহ আলম উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর গ্রামের মৃত হেলু মিয়ার ছেলে।
জানা গেছে, বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর এক মাসের বেশি সময় ধরে কারাগারে শাহ আলম।
পুলিশ
আর পারিবারিক সূএে জানাযায়, বার্ধক্যজনিত অসুস্থতায় সোমবার রাতে নিজ
বাড়িতে মারা যান শাহ আলমের মা হালিমা বেগম (৭৫)। মঙ্গলবার দুপুর আড়াইটার
দিকে নূরপুর পূর্বপাড়া জামে মসজিদে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে
পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে শাহ আলমের ছোট
ভাই নূর আলম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির
আবেদন করেন, যাতে তিনি শেষবারের মতো মায়ের মুখ দেখতে এবং জানাজায় অংশ নিতে
পারেন। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট মঙ্গলবার দুপুর ১২টা থেকে
বিকাল ৫টা পর্যন্ত তাকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেন।
আখাউড়া
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে
বলেন, প্যারোলের শর্ত অনুযায়ী মায়ের জানাজায় অংশগ্রহণ শেষে শাহ আলম
খন্দকারকে আবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।