• ঢাকা
  • বুধবার , ২৪ জুন ২০২৬ , রাত ০৮:১৩
শিরোনাম
হোম / সারাদেশ
রিপোর্টার : বগুড়া প্রতিনিধিঃ
১০ শতক জমি থেকে দৈনিক ৭০০ টাকার পান বিক্রি

১০ শতক জমি থেকে দৈনিক ৭০০ টাকার পান বিক্রি

প্রিন্ট ভিউ

বগুড়া সারিয়াকান্দিতে প্রথমবারের মতো পান চাষে সফলতা এসেছে। মাত্র ১০ শতক জমিতে পানের বরজ করে দৈনিক ৭০০ টাকার পান বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষক মোরশেদ। পানের বরজে লাভ দেখে উপজেলার অন্য কৃষকরা পান চাষ করার আগ্রহ প্রকাশ করেছেন। পান আদিকাল থেকেই একটি ঔষধী গুন সম্পন্ন উদ্ভিদ হিসেবে বিবেচিত হয়ে আসছে। পান পাতা হজমশক্তি বাড়াতে, মুখের দুর্গন্ধ দূর করতে এবং প্রদাহ কমাতে অত্যন্ত কার্যকরী।

উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হরিণা গ্রামের কৃষক মোরশেদ একজন গৃহনির্মাণ শ্রমিক ছিলেন। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় তার শশুর বাড়ী। শশুর বাড়ীতে বেশকিছু পানের বরজ দেখে তিনি তার নিজ বাড়ির পাশে পান চাষের স্বপ্ন দেখেন। পরে গত দেড় বছর আগে তিনি পলাশবাড়ী থেকে পানের চারা নিয়ে এসে পরীক্ষামূলকভাবে মাত্র ১০ শতক জমিতে পান চাষ শুরু করেন। 

তার পানের বরজের পানের গাছগুলো এখন বেশ বড় হয়েছে। পুরো বরজের পানের গাছগুলো পান পাতায় ভরপুর হয়েছে। গত কয়েকমাস ধরেই তিনি পান বাজারজাত করছেন। এখন প্রতিদিন তিনি তার বরজ থেকে ৬০০ থেকে ৭০০ টাকার পান বিক্রি করছেন। পানের বরজের প্রধান পরিচর্যা হচ্ছে খর বা কাঁশ দিয়ে গাছের জন্য ছায়া সৃষ্টি করা।

কৃষক মোরশেদ বলেন, পানের বরজ করার পর আমার সংসারের অভাব মোচন হয়েছে। এখন আমাকে আর অন্য কোনও কাজে যেতে হয়না। মাত্র ১০ শতক জমির পান বিক্রি করেই সংসার মোটামুটি ভালোই চলে যাচ্ছে। পানের বরজ সাজাতে আমার মোট এক লাখ টাকা খরচ হয়েছে। গত কয়েকমাসে আমার প্রায় ৭০ হাজার টাকার পান বিক্রি হয়েছে। আমার এই পানের বরজ থেকে আগামী প্রায় ১০ বছর পর্যন্ত প্রায় ২০ লাখ টাকার পান বিক্রি করতে পারবো বলে আশা করছি।

পানের বরজ দেখতে এসে আমিনুল ইসলাম হিরু বলেন, আমরা কৃষকেরা এখন ধান, আলুসহ গতানুগতিক বিভিন্ন ফসল চাষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সেক্ষেত্রে মোরশেদ ভাই মাত্র ১০ শতক জমিতে পানের বরজ করে বেশ লাভবান হচ্ছেন। আমরাও আমাদের জমিতে ধানচাষ করে ক্ষতিগ্রস্ত না হয়ে, পান চাষ করার পরিকল্পনা করছি।

সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, উপজেলায় প্রথমবারের মতো পানের বরজ করে সফল হয়েছেন কৃষক মোরশেদ। মাত্র ১০ শতাংশ জমি থেকে তিনি ভালো আয় করছেন। মোরশেদ ভাইয়ের মতো এ উপজেলায় অনেক বেকার যুবকরা কৃষি উদ্যোক্তা হয়ে নিজেরা স্বাবলম্বী হচ্ছেন, ফলে দেশের চাকুরির উপর চাপ কমতে শুরু করেছে। 

তাকে উপজেলা কৃষি অফিস থেকে সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে। পান আদিকাল থেকেই একটি ঔষধী গুন সম্পন্ন উদ্ভিদ হিসেবে বিবেচিত হয়ে আসছে। পান পাতা হজমশক্তি বাড়াতে, মুখের দুর্গন্ধ দূর করতে এবং প্রদাহ কমাতে অত্যন্ত কার্যকরী। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন রয়েছে যা শরীরকে সতেজ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। আয়ুর্বেদ অনুযায়ী, পান পাতার রস ত্বকের ক্ষত ও প্রদাহ দ্রুত নিরাময়ে ভূমিকা রাখে। সর্দি বা গলার সমস্যায় পানের রসের সাথে সামান্য মধু বা গোলমরিচ মিশিয়ে খেলে দ্রুত আরাম পাওয়া যায়।


সারাদেশ

আরও পড়ুন