জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এহছানুল হকের মেয়াদও এক বছর বাড়িয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হকের মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার।
সোমবার এই দুই সচিবের মেয়াদ শেষ হওয়ার দিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানানো হয়।
মঙ্গলবার থেকে তাদের এক বছরের মেয়াদ শুরু হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন সরকার শপথ নেওয়ার একদিন আগে স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব থেকে মন্ত্রিপরিষদ সনচিবের দায়িত্ব পান নাসিমুল গনি।
নাসিমুল গনিকে দায়িত্ব দেওয়ার একদিন আগে ওই পদে বসানো হয়েছিল তৎকালীন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে।
চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর অবসর থেকে ফিরিয়ে এনে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল নাসিমুল গনিকে।
প্রথমে রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব পেলেও পরে ২০২৪ সালের ২২ ডিসেম্বর তাকে স্বরাষ্ট্র সচিব করা হয়।
অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যাওয়া নাসিমুল গনি এক সময় ছিলেন বিএনপি নেতা জমির উদ্দিন সরকারের পিএস। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
২০২৪ সালের ১৭ আগস্ট এহছানুল হকও দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ পান। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে যোগদান করেন তিনি।
গত বছরের ১২ অক্টোবর এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়।
নাসিমুল গনি ও এহছানুল হক— দুজনই বিসিএস ১৯৮২ ব্যাচের কর্মকর্তা।