চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার দুবাইভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার বিরোধিতাকারীদের লাঠিপেটা করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বিনিয়োগ ভবনের সামনে এ লাঠিপেটায় বেশ কয়েকজন আহত হওয়ার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।
এদিন বিকাল ৩টায় ওই ভবনের ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কনসেশন চুক্তির আনুষ্ঠানিকতা শুরু করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর আগে থেকেই ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন চুক্তি বিরোধিতাকারী বিভিন্ন বাম সংগঠন ও জোট।
বিকাল ৩টা ৪৫ মিনিটে চুক্তি সই শেষে অতিথিদের বের হওয়ার সময় আন্দোলনকারীদের লাঠিপেটা করে সরিয়ে দেয় পুলিশ।
আহতদের একজন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য সীমা দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কয়েক দফা পুলিশ বাধা দেয়। সাড়ে ৩টার দিকে ভেতর থেকে জানতে পেরেছি চুক্তি সই হয়ে গেছে।
“ঠিক ওই সময় পুলিশ আমাদের উপর হামলা করে, লাঠিচার্জ করে। এ হামলায় সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, মনিরুজ্জামান মিলন, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মনীষা চক্রবর্তী, ছাত্র ইউনিয়নের আসিফ জামানসহ অনেকে আহত হন।”
শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেছেন, চলাচলে ‘প্রতিবন্ধকতা তৈরি করায়’ আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে।
“তারা ভবনের সামনে জড়ো হয়ে বিশৃঙ্খলা করছিল, গেইটে গাড়ির সামনে শুয়ে পড়ছিল। এতে চলাচলে সমস্যা হচ্ছিল। পরে তাদেরকে সরায়ে দেওয়া হইছে।”
এ সময় সেখানে উপস্থিত সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন প্রথম আলোকে বলেন, ‘আমরা আজ সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট থেকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই বিডা ভবনের সামনে এসেছিলাম। আমরা মনে করি, এ চুক্তি বাংলাদেশকে বিক্রি করার শামিল। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সম্পৃক্ততা আছে l