প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ৭৮০ কেজি কিউ জাতের আনারস উপহার পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।
বুধবার (২৯ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দুপুর দিকে ত্রিপুরার রাজ্যের বিখ্যাত 'কিউ' জাতের আনারস পাঠানো হয়।
প্রায় ১০০টি কার্টনে করে আসা আনারসগুলো গ্রহণ করেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস। আনারসগুলো হস্তান্তর করেন ত্রিপুরা রাজ্য সরকারের হর্টিকালচার বিভাগ।
এর আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের জন্য উপহার হিসেবে ৬০০ কেজি হাড়িভাঙা ও আম্রপালি আম পাঠান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় স্থলবন্দরে ত্রিপুরা রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, ডিরেক্টর ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ত্রিপুরা রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার অংশ হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য কিউ' জাতের আনারস পাঠানো হয়
উপহার হিসেবে।